দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ: সংসদে অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (সমীক্ষা) জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তাঁর এই প্রশ্নোত্তরটি সংসদ টেবিলে উত্থাপিত হয়।

সংসদে অর্থমন্ত্রী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। এই সেতুটি বাস্তবায়নের লক্ষ্যে সেতু বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান 'বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ' (বিবিএ) এখন সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য যোগ্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের আইনি প্রক্রিয়া চালাচ্ছে।

বাজেট বরাদ্দের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সেতুটি নির্মাণের জন্য সরাসরি বড় কোনো তহবিল রাখা না হলেও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (সবুজ পাতা) এটি অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।’

প্রস্তাবিত এই দ্বিতীয় পদ্মা সেতুকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পরপরই সেতুটি নির্মাণের পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প।

তাসনিম হোসেন