দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে নতুন করে মোট ৯৪৫ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বাকি ৮৯৩ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শিশুদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হামের সংক্রমণে এবং ৬০৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে।
একই সময়ে দেশে মোট ৯৬ হাজার ৬৫৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন আরও জানায়, গত সাড়ে তিন মাসে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮০ হাজার ৪৯৭ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।