দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে একটি কার্যকর ও অর্থবহ জাতীয় সংসদ গঠন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক 'ফল উৎসব'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্পিকার বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ এমন কার্যকর কোনো সংসদ দেখেনি। অতীতের কিছু সংসদের উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে নানা বিতর্কিত উপায়ে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না। নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলের একটি ঘটনা স্মরণ করেন। তিনি জানান, সেই সময় এমন পরিস্থিতিও দেখা যেত যে, ব্যালটে একজন নির্বাচিত হয়েছেন অথচ সংসদে এসে অন্য কেউ শপথ নিয়ে উপস্থিত হয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সংসদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার এমন অনেক সদস্য নির্বাচিত হয়ে এসেছেন যাদের আগে বড় কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না, বরং তারা সম্পূর্ণ নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তার জোরে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনের ভোটের ধরণই প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষ একটি আমূল পরিবর্তন চেয়েছিল। কারণ অতীতের সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল।
তিনি বর্তমান সংসদের এমপিদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতের তুলনায় এবার তাদের দায়িত্ব ও জবাবদিহিতা অনেক বেশি। জনগণের প্রকৃত সেবা করা এবং তাদের বিশ্বাস ও আস্থা টিকিয়ে রাখাই হবে বর্তমান সংসদের প্রধান লক্ষ্য।
সংসদীয় কার্যক্রমের খবর প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, যা সংসদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।