প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং এসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয়ের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নৌবাহিনীর পেশাদারিত্বের উচ্চ মান বজায় রাখতে বাহিনীর অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সর্বাঙ্গীন সাফল্য ও সফল দায়িত্ব পালন কামনা করেন।
বৈঠকের একপর্যায়ে নতুন দায়িত্ব পাওয়ায় নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।