বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার’ শীর্ষক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা বলতে পারি, গত কয়েক মাসে সরকারের সময়ে এক্সট্রাজুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যা) প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। আর গুমের (Enforced Disappearance) ব্যাপারে যখনই কোনো রিপোর্টেড কেস এসেছে, আমরা সেটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জন্য আমি অভ্যন্তরীণভাবেও নির্দেশনা দিয়েছি।’

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচারকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারার ওপরই বিচার বিভাগের অকার্যকারিতা নির্ভর করে। তবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য বিচারক নিয়োগ করা গেলেই কেবল একটি স্বাধীন ও স্বচ্ছ বিচার বিভাগ গঠন করা সম্ভব।

রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা নিয়ে তিনি জানান, সরকার এ ধরনের মামলাগুলো প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে তা প্রত্যাহারের সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে সব ধরনের সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে, তবে এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন।

তাসনিম হোসেন