মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে হওয়া উচিত: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত বা বিভাজন না করে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে দেখার ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘একজন মানুষের রক্তের রং যেমন ধর্মভেদে পরিবর্তিত হয় না, তেমনি নাগরিক অধিকারও ধর্মের ভিত্তিতে ভিন্ন হতে পারে না। মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে—এটাই একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মূল ভিত্তি। আমরা যদি সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন ও সম্মান করতে পারি, তাহলেই সাম্প্রদায়িক বিভাজন ও বৈষম্য দূর করা সম্ভব হবে।’

উৎসবের নিরাপত্তা ও রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দুর্গাপূজাসহ যেকোনো ধর্মীয় উৎসব পালনের জন্য আলাদাভাবে বিশেষ নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি থাকা উচিত নয়। একটি এমন নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে ও স্বাভাবিক স্বস্তিতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারবেন। পাশাপাশি, ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বা ভোটের রাজনীতি থেকে সবাইকে সরে আসার আহ্বান জানান তিনি। জনগণের কল্যাণ, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই সবার প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ভূমি দখলের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, মন্দিরের দখলকৃত জমি পুনরুদ্ধারে বর্তমান সরকার সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কোনো ভূমিদস্যু, দুর্বৃত্ত কিংবা মাফিয়া চক্রকে মন্দিরের সম্পত্তি স্থায়ীভাবে দখল করে রাখতে দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

তাসনিম হোসেন