ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্যগত কারণে নিজ পদ থেকে পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির রুটিন দায়িত্ব পালন করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।

তাসনিম হোসেন