হামলার ভয়ে পালান ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে নিরাপত্তাজনিত হুমকির কারণে শেষ মুহূর্তে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস–এর অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলন চলাকালে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমন তথ্য পায় যে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আকাশপথে ট্রাম্প এবং তার ব্যবহৃত উড়োজাহাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। বিষয়টি জানার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী তাকে উড়োজাহাজ পরিবর্তনের পরামর্শ দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন কাতারের উপহার হিসেবে পাওয়া একটি বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে। তবে ওই উড়োজাহাজে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’-এর মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে তিনি দেশে ফেরার জন্য আগের সরকারি উড়োজাহাজ ব্যবহার করেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলার লক্ষ্য নির্দিষ্ট কোনো উড়োজাহাজ নয়; বরং ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে উড়োজাহাজেই থাকুন, সেটিকেই লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ছিল হামলাকারীদের।

যদিও শুরুতে ট্রাম্প উড়োজাহাজ পরিবর্তনের কারণ হিসেবে অন্য ব্যাখ্যা দিয়েছিলেন, পরে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, মূলত নিরাপত্তা সংস্থার সুপারিশেই তিনি সিদ্ধান্তটি নেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পকে হত্যার হুমকি সম্পর্কিত গোয়েন্দা তথ্য প্রশাসনের খুব সীমিত সংখ্যক কর্মকর্তার মধ্যে রাখা হয়েছিল। এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হুমকি অব্যাহত রয়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

তাসনিম হোসেন