পদার্থের পর রসায়ন পরীক্ষায়ও ৮ সৃজনশীলে ৪টি ভুল!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে। রসায়ন দ্বিতীয়পত্রের সৃজনশীল ও বহুনির্বাচনী—উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে দাবি করেছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ও অসঙ্গতির অভিযোগ করেছেন বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকরা। তাদের মতে, সৃজনশীল অংশের কয়েকটি প্রশ্নে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং পরিভাষাগত অসঙ্গতির কারণে প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রথম উদ্দীপকের একটি প্রশ্নে উৎপাদের ভর উল্লেখ না থাকায় জারকের ভর নির্ণয় সম্ভব হয়নি। এছাড়া পঞ্চম উদ্দীপকে একই পাত্রকে ভিন্ন নামে উল্লেখ করায় পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছেন। ষষ্ঠ উদ্দীপকের একটি প্রশ্নে গ্যাসের তাপমাত্রা ও চাপ উল্লেখ না থাকায় হিসাব সম্পন্ন করা যায়নি বলেও দাবি করা হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, অষ্টম উদ্দীপকের একটি প্রশ্নে ‘ভ্যান ডার ওয়ালস’ সমীকরণ সম্পর্কেও সংজ্ঞাগত ভুল রয়েছে। একই সঙ্গে বহুনির্বাচনী অংশের একটি প্রশ্নে সঠিক উত্তর বিকল্পে না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন।

পরীক্ষার্থীদের ভাষ্য, প্রশ্নের এসব অসঙ্গতির কারণে পরীক্ষার হলে অতিরিক্ত সময় নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর উত্তর দিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি ও রসায়ন শিক্ষক আরিফ হক বলেন, প্রশ্নপত্রের ভুল শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ায় এবং বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বেশি ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও বলেন, প্রশ্নপ্রণয়নের পাশাপাশি পাঠ্যবই ও সিলেবাসের কিছু অসঙ্গতিও এ ধরনের সমস্যার জন্য দায়ী।

উল্লেখ্য, এর আগে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার প্রশ্নেও ভুল ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

 
 
 

তাসনিম হোসেন