পর্যাপ্ত তহবিল নেই, বরাদ্দ অনুযায়ীই কাজ করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, পর্যাপ্ত তহবিলের অভাবে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ অনুযায়ী কাজ চলছে এবং আগামী বছর আরও দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার সব ধরনের উন্নয়নকাজ করতে চাইলেও পর্যাপ্ত অর্থের সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে যে বরাদ্দ রয়েছে, তা দিয়েই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেশে গণতান্ত্রিক সরকার থাকায় আগামী বছর আরও দৃষ্টিনন্দন উন্নয়নকাজ বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।

ঝিনাইগাতীতে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যা মোকাবিলায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যা শুধু একটি এলাকার নয়, সারা দেশের। স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য প্রকল্প প্রস্তাব দিলে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 
 
 

তাসনিম হোসেন