রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পাদিত কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গৃহীত বা সম্পাদিত কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নেওয়া যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধ করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিদ্যমান বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে প্রয়োজন অনুযায়ী কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলেও জানান তিনি।
এ ছাড়া ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশকে আপাতত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।