ঝোপে দেখে আতঙ্ক শ্রমিকদের, ৩০ কেজি ওজনের সাপ নিরাপদে অবমুক্ত করবে বন বিভাগ। শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২৮ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।
চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর অজগর সাপটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি।
উদ্ধার শেষে সাপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।
বন্যপ্রাণী উদ্ধারে বাগান কর্তৃপক্ষ, শ্রমিক ও উদ্ধারকারী দলের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা।