যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একটি মাদরাসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনার পর রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদরাসা বন্ধ রাখার অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এমপির বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে তারা এমপি ও তার মেয়ের বিচারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে গোলাম রসুলের এক স্বজনকে মারধরের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এদিকে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ের মানসিক সমস্যা রয়েছে এবং তাকে কেন্দ্র করেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অন্যদিকে, গোলাম রসুল এক ভিডিও বার্তায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।