ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম সংগঠনটির দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হওয়ায় শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
ওই নেতা আরও জানান, খুব শিগগিরই সাদিক কায়েম জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেবেন।
এর আগে সোমবার নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।