বিরোধী দলীয় নেতার সাথে ডাকসু ভিপির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি। সাক্ষাতে দেশের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয়, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং রংপুরে তিস্তা রক্ষার দাবিতে ডা. শফিকুর রহমানের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগেরও প্রশংসা করা হয়।

এ সময় ডা. শফিকুর রহমান ডাকসুর গৃহীত বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের স্বার্থে জাতীয় দায়িত্ব পালনে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপন ও সংস্কার, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যান্টিন চালুর উদ্যোগ এবং প্রশাসনিক জটিলতায় প্রায় দুই ডজন উন্নয়ন প্রকল্প আটকে থাকার বিষয়টি উঠে আসে। এসব বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না থাকায় বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান শিক্ষার পরিবেশ উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং ক্যাম্পাসের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

তাসনিম হোসেন