জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই ব্যবসায়ী’ বলে সমালোচনা করা হলেও তারা চাঁদাবাজি, সন্ত্রাস বা গুন্ডাতন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত নন। বগুড়ায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া মহানগরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের অনেক ব্যবসায়ী নানা ধরনের চাপ ও চাঁদাবাজির শিকার হয়েছেন। সে সময় অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাতে নতুন বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে আর চাঁদা দিতে না হয়।
তিনি অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পরও অনেক ব্যবসায়ীর প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষ্য, আগে যেখানে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো, এখন অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি অর্থ দাবি করা হচ্ছে।
শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবির আন্দোলনের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওই সময় তাদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটাক্ষ করা হয়েছিল।
এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজির ব্যবসায়ী নই। আমরা গুন্ডাতন্ত্র কিংবা সন্ত্রাসের রাজনীতি করি না।’
পথসভায় তিনি ন্যায়বিচার, চাঁদাবাজিমুক্ত পরিবেশ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।