শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, অতীতে আওয়ামী লীগ সরকারের যেকোনো সিদ্ধান্তের পক্ষে ছাত্রলীগ অবস্থান নিলেও ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের দাবি সমর্থন করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসির উদ্দিন নাছির বলেন, চলমান দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা তুলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও একই দাবি জানিয়েছে। এ বিষয়ে সোমবার ছাত্রদলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একমত। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো সিদ্ধান্ত নিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষেই থাকত। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে।”
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বলে তারা জানতে পেরেছেন। আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে নাসির উদ্দিন নাছির বলেন, এটি একটি কারিগরি সমস্যা। শিক্ষা বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “যত সমস্যাই হোক না কেন, আলাপ-আলোচনার মাধ্যমেই তার সমাধান সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি।”
উল্লেখ্য, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের জেরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হওয়া কর্মসূচি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।