এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সংগঠনটির সব ইউনিটকে পরীক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন কর্মসূচি পালন করছেন।

সংগঠনটির দাবি, বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো সমস্যার মুখোমুখি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা সারা দেশের পরীক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছে। পাশাপাশি সংগঠনের মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে নৈতিক সহায়তা ও সংহতি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করা উচিত।

তাসনিম হোসেন