ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের: ‘যুক্তরাষ্ট্র শুধু ভাঙা প্রতিশ্রুতি আর বাজে কথা রপ্তানি করে’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জব্দকৃত তহবিল অবমুক্ত করার পর তা দিয়ে ইরান আমেরিকার কৃষিপণ্য কিনবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্পের দাবির কড়া জবাব দেন মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেন, “যুক্তরাষ্ট্র শুধু জিএমও (জেনেটিক্যালি মডিফাইড) সয়াবিন, ভাঙা প্রতিশ্রুতি এবং বাজে কথা রপ্তানি করে।”

ইরানের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের অবমুক্ত করা সম্পদ কীভাবে এবং কোন খাতে ব্যয় করা হবে—সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তেহরানের নিজস্ব, এখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।

এর আগে গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের মধ্যে চলমান আলোচনাধীন চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের জব্দ করে রাখা ১২ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল তহবিল ছেড়ে দিতে রাজি হয়েছে। এর পাশাপাশি তেহরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয়েছে মার্কিন প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সূত্র ধরে জানা গেছে, তহবিল অবমুক্তির বিষয়টি ইতিবাচক হলেও সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার মার্কিন পরিকল্পনাকে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা ওয়াশিংটনের কোনো শর্তের বেড়াজালে নিজেদের অর্থ খরচ করবে না।

তাসনিম হোসেন