স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, ভিনির গোল বাতিলে ফিফাকে চিঠি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে এই বড় জয়ের পরও ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও-এর বরাত দিয়ে জানা গেছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেক্সিকান রেফারি সিজার রামোসের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফাকে চিঠি পাঠিয়েছে সিবিএফ। নিজেদের দাবি জোরালো করতে তারা চলমান বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি বিতর্কিত ঘটনার উদাহরণও টেনেছে।

ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে মনিটর দেখে রেফারি দাবি করেন, বল দখলের মুহূর্তে ভিনি ফাউল করেছিলেন এবং সেই সূত্রে গোলটি বাতিল করা হয়। রেফারির এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচ শেষে ভিনিসিয়ুস একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

সিবিএফ তাদের অভিযোগপত্রে উল্লেখ করে, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ঠিক একইভাবে বল কেড়ে নিয়েছিলেন, যা থেকে লিওনেল মেসি গোল করেন। অথচ মিশরের রেফারি আমিন ওমর তখন খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সিবিএফের দাবি, রেফারির সিদ্ধান্তের ক্ষেত্রে এই দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়।

তবে মাঠের বাইরের এই বিতর্ক পাশে ঠেলে কার্লো আনচেলত্তির দল এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে নকআউট পর্বে। আগামী ২৯ জুন (সোমবার) শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘এফ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে আসা জাপানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশনের পরবর্তী ধাপ।

তাসনিম হোসেন