তিউনিশিয়াকে ৩-১ গোলে উড়িয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, শেষ ৩২-এ প্রতিপক্ষ মরক্কো

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ 'এফ'-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। আগামী ৩০ জুন মেক্সিকোর মনতেরেইতে শেষ ৩২-এর লড়াইয়ে ডাচদের মুখোমুখি হবে মরক্কো।

ক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ডাচরা তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। ডেনজেল ডামফ্রিসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন তিউনিশিয়ার অধিনায়ক ইলিয়েস স্খিরি। এই আত্মঘাতী গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্রায়ান ব্রুবি দুর্দান্ত এক গোল করে ডাচদের ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।

ভিন্ন রূপ নিয়ে মাঠে নামা তিউনিশিয়া একটি গোল শোধ করে। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে গোল করেন হাজেম মাস্তৌরি। তবে তিউনিশিয়ার ম্যাচে ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইয়ান পল ফন হেকে। ম্যাচের শেষ দিকে তিনি আরও একটি গোল করে নেদারল্যান্ডসের ৩-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এই অনবদ্য জয়ের ফলে তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করল নেদারল্যান্ডস। বিপরীতে, গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই হেরে কোনো পয়েন্ট না পেয়ে শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।

তাসনিম হোসেন