এনসিপি, জাতীয় পার্টি সহ ৭ দলকে ইসির শোকজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কেন জরিমানা আরোপ করে ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ে দাখিল না করায় সাতটি রাজনৈতিক দলের কাছে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট দলগুলোর কাছে পৃথক চিঠির মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশপ্রাপ্ত দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এবং আমজনতার দল।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, এসব দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সময়মতো হিসাব জমা না পাওয়ায় গত ১৬ মার্চ কমিশন প্রথমে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী জমা দিতে অনুরোধ করে। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যেও কোনো দল হিসাব দাখিল করেনি।

আইনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

সর্বশেষ নোটিশে নির্বাচন কমিশন জানতে চেয়েছে, কেন সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তাসনিম হোসেন