হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মৃত্যু ছাড়ালো ৭০০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পরীক্ষায় ১০৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক—উভয় মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

তাসনিম হোসেন