আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে কেপ ভার্দে, প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী ১-০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে নবাগত কেপ ভার্দে। কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও আলবিসেলেস্তেদের বিপক্ষে ১-০ গোলে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

এবারই প্রথম ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। অভিষেক আসরেই বিশ্বমঞ্চে চমকপ্রদ ফুটবল খেলে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের কঠিন সমীকরণে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের বিপক্ষে ড্র করার পর, সৌদি আরবের সঙ্গেও সমতা বজায় রেখে শেষ ৩২ নিশ্চিত করে ইতিহাস গড়েছে দলটি।

উড়তে থাকা আর্জেন্টিনা ও মেসির ফর্ম

বিপরীতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে আলবিসেলেস্তেরা মোট আটটি গোল করেছে, যার মধ্যে ছয়টি গোলই এসেছে খুদে জাদুকর মেসির পা থেকে। ফলে শক্তির বিচারে ল্যাটিন আমেরিকার দলটি অনেকখানি এগিয়ে রয়েছে।

‘আমরা চ্যাম্পিয়নদের হারাতে পারি’: নেভেস

তবে ফুটবলীয় পরিসংখ্যান ও শক্তির ব্যবধানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "শুনতে অবিশ্বাস্য লাগলেও আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা শুধু খেলার জন্য নয়, জিততেই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি বিশ্ববাসীর প্রত্যাশা কম থাকে কিন্তু দলের ভেতর জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অলৌকিক অনেক কিছুই সম্ভব।"

তিনি আরও যোগ করেন, "কেপ ভার্দের মতো ছোট একটি দেশের কাজই হলো সবসময় বিশ্বকে চমকে দেওয়া। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জেতার শতভাগ সম্ভাবনা আছে। আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে এবং সেই ভাগ্যই আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের প্রবল ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই—পরের রাউন্ডে ওঠা।"

বিশ্বকাপের মঞ্চে ডেভিড বনাম গোলিয়াথের এই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আফ্রিকার এই পুঁচকে দলটি কতটা প্রতিরোধ গড়তে পারে, তা দেখতেই এখন মুখিয়ে আছে গোটা ফুটবলবিশ্ব।

তাসনিম হোসেন