কেবল ব্রাজিলই নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম নিশ্চিত হতেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন রোমাঞ্চ। পরিসংখ্যান বলছে, ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা—কোনো দলই আজ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নরওয়েকে হারাতে পারেনি।

সেলেসাওদের বিপক্ষে অপরাজেয় রেকর্ড ফুটবলবিশ্বের সবচেয়ে সফল দল ব্রাজিল হলেও নরওয়ের বিপক্ষে তাদের অতীত রেকর্ড একেবারেই মলিন। দুই দলের ফুটবল ইতিহাসে এ পর্যন্ত মোট চারবার দেখা হয়েছে। এর মধ্যে কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। চার লড়াইয়ের দুটিতেই জিতেছে নরডিক অঞ্চলের দেশটি, আর বাকি দুটি ম্যাচ অমীমাংসিত বা ড্র হয়েছে। ফলে নকআউট পর্বের এই মহারণের আগে মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে আর্লিং হালান্ডের নরওয়ে।

আর্জেন্টিনার বিপক্ষে শতভাগ জয়ের কীর্তি ব্রাজিলের পাশাপাশি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী আর্জেন্টিনাও কখনো নরওয়ের দুর্গ ভাঙতে পারেনি। আলবিসেলেস্তেদের বিপক্ষে নরওয়ের জয়ের রেকর্ড শতভাগ। এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটিতেই মাঠ ছেড়েছে জয়ের উল্লাস নিয়ে।

ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, ১৯৮৬ সালে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা যখন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অভিযানে মেক্সিকো রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তার ঠিক আগে মে মাসে ওসলোতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যারাডোনার শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে গোটা ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল নরওয়ে।

পরবর্তীতে দীর্ঘ ২১ বছর পর, ২০০৭ সালের আগস্টে ওসলোর মাটিতেই আবারও মুখোমুখি হয় দুই দল। সেবারের আর্জেন্টাইন একাদশে ছিলেন তরুণ লিওনেল মেসি। তবে মেসির উপস্থিতিও আর্জেন্টিনার ভাগ্য বদলাতে পারেনি। তারকাখচিত আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে স্তব্ধ করে দিয়ে নিজেদের অপরাজেয় রেকর্ড ধরে রাখে নরওয়েজিয়ানরা।

ইতিহাসের এই অবিশ্বাস্য ও একক কীর্তি সঙ্গে নিয়েই এবার বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। এখন দেখার বিষয়, সাম্বার জাদুতে ব্রাজিল কি পারবে এই ঐতিহাসিক গেরো ছুটিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে, নাকি নরওয়ের অপরাজেয় যাত্রা আরও একধাপ দীর্ঘ হবে?

তাসনিম হোসেন