জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতালে চিকিৎসাসেবা আরও জোরদার করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।