দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ জন। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। এ সময়ে নতুন করে ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। এর মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৫৯ জন।