বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে আর না ফেরার ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

নরওয়ের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে এতদিন লড়াই করেছেন, সেটির এখানেই সমাপ্তি।

নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন নেইমার। একই তথ্য প্রকাশ করেছে ফক্স স্পোর্টস, ইএসপিএন এবং ট্রিবুনাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিও হলো একই মাঠে।

এই হারের ফলে ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ফলের রেকর্ড গড়েছে সেলেসাওরা। পাশাপাশি ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপাহীন থাকার দীর্ঘ সময়ও আরও বেড়ে গেল।

নেইমারের ক্যারিয়ারেও যুক্ত হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। তিনি থিয়াগো সিলভার পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি বিশ্বকাপে খেলেও শিরোপা জিততে পারেননি।

ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি গোলে সহায়তা করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন নেইমার। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। তার একমাত্র সিনিয়র আন্তর্জাতিক শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিকের স্বর্ণপদক জিতেছিলেন এই তারকা ফুটবলার।

 

তাসনিম হোসেন