আর্লিং হালান্ডের জোড়া গোলে ভর করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। চতুর্থ মিনিটে তারা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
এরপর ১১তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। শুরুতে রেফারি পেনাল্টি না দিলেও দৃশ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার শট রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।
প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোলের সুযোগ পেলেও সফল হতে পারেননি। অন্যদিকে, নরওয়ের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ৭৯তম মিনিটে হেড থেকে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড।
এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন এই তারকা স্ট্রাইকার। বিশ্বকাপে এটি ছিল তার সপ্তম গোল।
ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।