ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জনের বেশি। আগুনের কারণ এখনও নিশ্চিত না হলেও ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার দিবাগত মধ্যরাতে ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত একটি বারে আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত ২৭ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা আনওয়ুত ফো-আমপাই জানান, ধ্বংসস্তূপে তল্লাশি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের বারটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। উদ্ধারকারীরা জানান, বেশির ভাগ মরদেহ বারের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত ৬০ জনের বেশি মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, বারটির ভেতর থেকে আগুনের বিশাল শিখা বেরিয়ে আসছে। আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। কেউ দৌড়ে পালাচ্ছেন, কেউ চিৎকার করছেন, আবার কেউ হুড়োহুড়ির মধ্যে মাটিতে পড়ে যাচ্ছেন। কয়েকজনকে আগুনে দগ্ধ অবস্থাতেও দেখা গেছে।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের উৎস সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা হবে না।

কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংককের বিনোদনকেন্দ্রগুলোতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর মধ্যে এটি অন্যতম।

তাসনিম হোসেন