পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে আহত সেই হাতি মারা গেছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটি মারা গেছে। কয়েক ঘণ্টা ধরে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার সকালে তার মৃত্যু হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে খাবারের সন্ধানে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার শিয়াল্যাঘোনা পাহাড়ে ওঠে প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী বন্য মা হাতিটি। একপর্যায়ে পাহাড় থেকে গড়িয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে হাতিটির পেছনের দুটি পা ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে।

ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আহত হাতিটিকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি উদ্যান থেকে প্রাণিচিকিৎসকদের এনে ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চিকিৎসকেরা দীর্ঘ সময় চেষ্টা চালালেও গুরুতর অভ্যন্তরীণ আঘাতের কারণে রোববার সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা বন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বন বিভাগের তত্ত্বাবধানে হাতিটির মরদেহ উদ্ধারের কাজ চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের মাধ্যমে ময়নাতদন্ত করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে পাহাড়ের পাদদেশেই হাতিটির মরদেহ দাফন করা হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাসনিম হোসেন