পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বরিশালের গৌরনদী থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়ে তিনি সবাইকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।

সোমবার সকালে সড়কপথে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের গৌরনদীতে পৌঁছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুর মতোই যত্ন ও পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান সরকারপ্রধান। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণের অনুরোধ করেন।

এর আগে গৌরনদীতে পৌঁছালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাঁর সফর উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ রক্ষা, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 
 

তাসনিম হোসেন