ঢাকায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসাবে এটি অতি ভারী বর্ষণের মধ্যে পড়ে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাসনিম হোসেন