৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষনা প্রধানমন্ত্রীর, লক্ষ্য পূরণে প্রতিদিন লাগাতে হবে প্রায় ১,৩৬,৯৮৬ টি গাছ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে বছরে ৫ কোটি, মাসে গড়ে প্রায় ৪১ লাখ ৬৭ হাজার এবং প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ৯৮৬ টি গাছ রোপণ করতে হবে। সোমবার বরিশালের গৌরনদী থেকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশবাসীকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের গৌরনদীতে পৌঁছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি গাছ রোপণ করা হবে। সে হিসাবে লক্ষ্য পূরণে প্রতি বছর ৫ কোটি, প্রতি মাসে গড়ে প্রায় ৪১ লাখ ৬৭ হাজার এবং প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ৯৮৬ টি গাছ রোপণ করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুর মতো যত্ন ও পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান। তাঁর ভাষ্য, ব্যক্তিগত উদ্যোগে একটি করে গাছ লাগানোও জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গৌরনদীতে পৌঁছালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাঁর সফরকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তাসনিম হোসেন