হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেল অন্তঃসত্ত্বা শিক্ষিকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

নিহত সুমন্তি চাকমার পুরোনো ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা অন্তঃসত্ত্বা শিক্ষিকা সুমন্তি চাকমা (৩০) নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকালে চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা শিক্ষিকা সুমন্তি চাকমা (৩০)। এ ঘটনায় তার গর্ভস্থ সন্তানও মারা গেছে বলে জানিয়েছেন সহকর্মীরা।

শনিবার (১৮ জুলাই) সকালে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন্তি চাকমা সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, শনিবার সকালে সন্তান প্রসবের জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে চাম্পাতলী এলাকায় একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দীপিকা দেওয়ান জানান, সকালে সাজেক থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক গর্ভবতী নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপন বাপ্পী চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার তথ্য তিনি পেয়েছেন। তবে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

তাসনিম হোসেন