বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার আইসিসির গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
আইসিসির ঘোষণা অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা।
বর্তমান বিশ্ব ক্রিকেটে আইপিএল, বিপিএল, বিগ ব্যাশসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তার দ্রুত বাড়ছে। তবে এসব লিগের কারণে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ, খেলোয়াড়দের কর্মব্যস্ততা এবং তাদের সুরক্ষা নিয়ে উদ্বেগও বেড়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি। চেয়ারম্যান হিসেবে তামিম ইকবাল ভবিষ্যতে এসব লিগের নীতিমালা ও কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।