আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশন, সই ৭০ লাখের বেশি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু হয়েছে। ইতোমধ্যে সেই পিটিশনে ৭০ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে সম্প্রতি ‘আর্জেন্টিনা আউট’ নামে একটি অনলাইন পিটিশন চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পিটিশনের উদ্যোক্তাদের অভিযোগ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবং ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসির পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন।

পিটিশনে দাবি করা হয়েছে, যদি আগেই কোনো দলের জয় নিশ্চিত করে রাখা হয়, তাহলে প্রতিযোগিতার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয়। তাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্য দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তবে এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, বর্তমান ভিডিও সহকারী রেফারি ব্যবস্থার যুগে পক্ষপাতমূলকভাবে ম্যাচ পরিচালনা বা ফল নির্ধারণ করা কার্যত অসম্ভব।

মূলত এক সপ্তাহ আগে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর থেকেই বিতর্কের সূত্রপাত। ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি মিস করে দুই গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।

ওই ম্যাচে কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানায় মিশর। তাদের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার অনুকূলে গেছে এবং ফলাফল ন্যায্য হয়নি। এরপর থেকেই অনলাইনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে এই পিটিশনটি ব্যাপক সাড়া পেতে শুরু করে।

তাসনিম হোসেন