আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ১ কোটি স্বাক্ষর, রাখার পক্ষে মাত্র ১ লাখ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

চলমান বিশ্বকাপে ম্যাচ অফিশিয়াল ও রেফারিদের মাধ্যমে আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগ তুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। এ দাবিতে খোলা একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে ১ কোটি স্বাক্ষর, রাখার পক্ষে মাত্র ১ লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

'আর্জেন্টিনা আউট ডটকম' (argentinaout.com) নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত পিটিশনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন। এতে বলা হয়, “বিজয়ী যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।”

বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর আর্জেন্টিনা–মিশর ম্যাচকে ঘিরে। ম্যাচটিতে প্রথমার্ধে মেসি পেনাল্টি মিস করার পর ২-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিশর। তাদের অভিযোগ, ভিএআরের মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলটি পর্যালোচনা করা হয়নি। মিশরের দাবি, সেই পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করে তাদের পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান বলেন, “আমি পরিণতির কথা না ভেবেই বলছি—এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয়, তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার দরকার কী? ফিফা শুধু মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। তারা ‘ফেয়ার প্লে’র কথা বলে, কিন্তু আমরা মাঠে তার কোনো প্রমাণ দেখিনি।”

তবে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সব অভিযোগ উড়িয়ে দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, বর্তমান ভিএআর প্রযুক্তির যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে রেফারি বা ফিফার পক্ষ থেকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কার্যত অসম্ভব।

তাসনিম হোসেন