স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সংঘর্ষ, ১৬০ জনের বেশি আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্যারিস ও লিওঁ মিলিয়ে ১৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, রাজধানী প্যারিস থেকে ১৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রিফেকচারের তথ্যমতে, অধিকাংশকে আটক করা হয়েছে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগে।

অন্যদিকে, লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা দমন ইউনিট সিআরএস ৮৩ মোতায়েন করা হয়। পরে পুলিশের যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

তবে পুরো ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
 

তাসনিম হোসেন