ফিটনেসবিহীন ও দূষণকারী যানবাহন অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া রাজধানীর অন্তত ৫০টি নতুন পয়েন্টে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 
 
 

তাসনিম হোসেন