রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানের সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।