শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের লংমার্চ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরুর পর সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে তারা কিছু সময় সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, প্রায় ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে পরে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক নম্বর ফটক ছাড়া বাকি চারটি ফটক বন্ধ রাখা হয়েছে। প্রধান ফটকের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সচিবালয়ের সামনের আবদুল গনি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের অগ্রযাত্রা ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে অফিস শেষে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা হেঁটে আবদুল গনি সড়ক পার হচ্ছেন। তাদের পরিবহনের জন্য সরকারি যানবাহন জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকার সামনে রাখা হয়েছে।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষের জেরে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নসংক্রান্ত জটিলতার সমাধানসহ তিন দফা দাবি জানিয়েছেন। যদিও শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে নিজের বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, তবুও দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাসনিম হোসেন