রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রথম ধাপে ২০টি বাস স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মহাখালী বাস টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যানজট কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। একই সঙ্গে নগরবাসীর চলাচলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী টার্মিনালের পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পরিবহন ব্যবস্থাপনায় আরও পরিবর্তন এনে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করবে না। আপাতত এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন।