শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা, নীলক্ষেতে বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েনের পাশাপাশি সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি এবং সায়েন্সল্যাব এলাকায় অর্ধশতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এদিকে আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় প্রথমে তারা সমবেত হবেন। এরপর সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করার পরিকল্পনা রয়েছে।

গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য স্থানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনেক এলাকায় জলাবদ্ধতা উপেক্ষা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর মধ্যে শিক্ষামন্ত্রীর একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পরীক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। একই সময়ে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি থাকার অভিযোগও ওঠে।

এসব ঘটনার পর শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামেন। পরবর্তীতে তাদের দাবিগুলো তিন দফায় সীমিত করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞানের ত্রুটিপূর্ণ প্রশ্নে পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।

এরই মধ্যে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব ঘোষণায় সন্তুষ্ট নন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

 
 

তাসনিম হোসেন