জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামায়াতের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকায় এবং ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করা হবে। পাশাপাশি স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মরণসভা, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন থাকবে।

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে পৃথক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগস্ট মাসের কর্মসূচিতে ১ আগস্ট সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ থেকে ৪ আগস্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে সারাদেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে জামায়াত অংশ নেবে বলে জানানো হয়।

এছাড়া মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই-সম্পর্কিত বিভিন্ন ফোরামের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—জুলাইয়ের ঘটনায় দায়ীদের দ্রুত বিচার, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন।

তাসনিম হোসেন