আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এক টাকায় আইন ও বিচার বিভাগ পরিচালনা করা সম্ভব নয়। এমন প্রস্তাব বাস্তবায়ন হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অধিবেশনে আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করেন। এরপর বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য বরাদ্দ কমিয়ে এক টাকা করার ছাঁটাই প্রস্তাব দেন এবং বিচার বিভাগের নানা সমস্যা তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ বলেন, নিম্ন আদালত পৃথক করা হলেও পদোন্নতি ও বদলিতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি বিচারক সংকট ও মামলাজটের বিষয়েও সমালোচনা করেন।
পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, দেশে ২৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু হাইকোর্ট বিভাগ সম্প্রসারণ বা ডিজিটাল বিচারব্যবস্থা চালুর বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেই।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কেরামত আলী থানায় সাধারণ মানুষের হয়রানি ও তদন্ত প্রক্রিয়ার দুর্বলতার বিষয়ে কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বিচার বিভাগের বরাদ্দ মোট দেশজ উৎপাদনের মাত্র শূন্য দশমিক শূন্য তিন শতাংশ, যা অত্যন্ত কম। তিনি মামলাজট ও আইনজীবীদের দুরবস্থার কথাও তুলে ধরেন।
সংসদ সদস্যদের সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু সদস্য এমন ছাঁটাই প্রস্তাব দিয়েছেন যেখানে একদিকে বরাদ্দ বেশি, আবার অন্যদিকে একেবারে কম বলেও দাবি করা হচ্ছে। এ ধরনের প্রস্তাব বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, এক টাকা বরাদ্দ দিয়ে বিচার বিভাগ পরিচালনা সম্ভব নয়। এমন প্রস্তাব বাস্তবায়িত হলে বিচার ব্যবস্থার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং রাষ্ট্রীয় কাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
মন্ত্রী ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করে মূল বাজেট বরাদ্দ অনুমোদনের জন্য সংসদের প্রতি আহ্বান জানান।