বুধবার দেশের সব জ্বালানি ডিপোতে তেল সরবরাহ ও বিপণন বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

বার্ষিক মজুদ গণনা, সম্পদের মূল্য নির্ধারণ ও বাস্তব যাচাই কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল বুধবার দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, করপোরেশনের আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পরিচালিত হবে।

এই কার্যক্রমের কারণে চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় জ্বালানি তেলের বিপণন কার্যক্রম ওই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ সময় বিমান চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দেশি ও বিদেশি বিমান সংস্থার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোর বিমান জ্বালানি মজুদ ট্যাংকের যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সরবরাহ সচল রাখা হবে।

বার্ষিক এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

তাসনিম হোসেন