কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুই গ্রামের সীমানায় গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় তিন দশক ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এ বিষয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে র্যাব, গোয়েন্দা সংস্থা এবং অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।