কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের 'রাউন্ড অব ৩২'-এর নকআউট মঞ্চে এক চরম রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আসরের সবচেয়ে বড় চমক আফ্রিকান দেশ কেপ ভার্দে। কাগজে-কলমে লিওনেল স্কালোনির দল যোজন যোজন এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ের আগেই তিমুর লিসতের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তার একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বে তুমুল উত্তেজনা তৈরি করেছে।

আর্জেন্টিনা বা কেপ ভার্দে—কোনো দেশের রাষ্ট্রপ্রধান না হয়েও আফ্রিকান দলটির প্রতি অন্ধ বিশ্বাস রেখে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেতা। হোসে মানুয়েল রামোস-হোর্তার সোজাসাপ্টা দাবি, এই নকআউট ম্যাচেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসি তাঁর প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছেন এবং বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা কোনোভাবেই কেপ ভার্দেকে রুখতে পারবে না।

কেপ ভার্দে কেন জিতবে, তার ব্যাখ্যা দিতে গিয়ে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক নানা যুক্তি দাঁড় করিয়েছেন তিমুরের প্রেসিডেন্ট। খেলোয়াড়দের কঠোর খাদ্যাভ্যাসের প্রশংসা করে তিনি বলেন, কেপ ভার্দিয়ানদের এক অতুলনীয় শারীরিক ও আধ্যাত্মিক গঠন রয়েছে। তাদের বিশেষ ঐতিহ্যবাহী ডায়েটে থাকে ‘কাচুপা’, যা মূলত ভুট্টা, শিম, মাংস এবং অন্যান্য পুষ্টিকর প্রোটিনের এক জাদুকরী মিশ্রণ। এ ছাড়া আটলান্টিকের রুক্ষ প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হওয়ায় দলটির খেলোয়াড়দের মধ্যে এক অসাধারণ সহনশীলতা গড়ে উঠেছে। শুধু পুষ্টিগুণ বা শারীরিক সক্ষমতা নয়, তিনি টেনে এনেছেন ধর্মীয় বিশ্বাসও। তাঁর মতে, ক্যাথলিজম ও আফ্রিকান আধ্যাত্মিক প্রথার সমন্বয়ে গড়ে ওঠা গভীর ধর্মীয় বিশ্বাসের কারণে সব ঈশ্বরের আশীর্বাদ এই দলটির সঙ্গে আছে।

পরাজয়হীন কেপ ভার্দে ও আর্জেন্টিনার পরীক্ষা বক্তব্যের শেষ পর্যায়ে কেপ ভার্দের পক্ষে ওকালতি করা এই প্রেসিডেন্ট যোগ করেন, "কেপ ভার্দে ইতোমধ্যে মানসিকভাবে জিতে গেছে।" তিমুরের প্রেসিডেন্টের এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো বিশ্বসেরা দলগুলোর মুখোমুখি হয়েও অপরাজিত ছিল কেপ ভার্দে। তিনটি লড়াকু ড্র নিয়ে শেষ ৩২-এ উঠে এসে ইতোমধ্যে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন রূপকথা লিখেছে আফ্রিকার এই পুচকে দলটি।

তবে এবার তাদের সামনে সবচেয়ে বড় বাধা ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিমুরের প্রেসিডেন্টের এই রহস্যময় ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হবে, নাকি মাঠের জাদুতে কেপ ভার্দেকে উড়িয়ে দেবে আলবিসেলেস্তেরা—তার উত্তর মিলবে আগামী পরশু। বাংলাদেশ সময় আগামী শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শুরু হবে এই রোমাঞ্চকর মাঠের যুদ্ধ।

তাসনিম হোসেন