ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পরিসরে জনমত গঠন ও কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁদের বাংলাদেশে আসা ও শিক্ষাগ্রহণ আরও সহজ করতে আগমনের পর ভিসা সুবিধার বিষয়ে সহযোগিতা চান তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত আরও প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে ফিলিস্তিনি নাগরিকদের ভিসা আবেদন জমা পড়লে যাচাইয়ের সুবিধার্থে তার অনুলিপি ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত তাঁকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন